বাঙালির চলচ্চিত্রের ইতিহাস| Bangalir Cholochitrer Itihas | HS 4th Semester

বাংলা ভাষা ও সংস্কৃতি · পঞ্চম অধ্যায়

🎬 বাঙালির চলচ্চিত্রের ইতিহাস

সংক্ষিপ্ত রূপরেখা

📌 প্রথম ভাগ: ইতিহাসের সারসংক্ষেপ

১. চলচ্চিত্রের জন্ম ও ভারতে সূত্রপাত

  • ১৮৯৫ সালের ২৮শে ডিসেম্বর প্যারিসে লুমিয়ের ভ্রাতৃদ্বয় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন।
  • ১৮৯৬ সালের ৭ই জুলাই বোম্বের ওয়াটসন হোটেলে ভারতে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু।
  • ১৮৯৮: হীরালাল সেন ও মতিলাল সেন ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ গড়েন।
  • ১৯০২ সালে কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে।
  • হীরালাল সেন ভারতের প্রথম তথ্যচিত্রকার। তথ্যচিত্র: ‘দিল্লি দরবার’, ‘বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন’।
  • ১৯১৩ সালে ভাইয়ের সঙ্গে বিবাদে কোম্পানি বন্ধ হয়, ১৯১৭ সালে আগুনে তাঁর যন্ত্রপাতি ও ছবি পুড়ে যায়।

২. নির্বাক যুগ ও ম্যাডান থিয়েটার

  • পারসি ব্যবসায়ী জে. এফ. ম্যাডান ১৯০২ সালে কলকাতার ময়দানে তাঁবু খাটিয়ে ছবি দেখান, পরে এলফিনস্টোন পিকচার প্যালেস গড়েন।
  • ম্যাডান থিয়েটার লিমিটেড প্রতিষ্ঠা। ১৯১৯ সালে প্রথম বাংলা কাহিনিচিত্র ‘বিল্বমঙ্গল’।
  • ম্যাডানের প্রযোজনায় মোট ৬২টি ছবি; নির্বাক যুগে মোট ১১৯টি ছবি।
  • অন্য কোম্পানি: ইন্দো-ব্রিটিশ, অরোরা ফিল্ম, তাজমহল ফিল্মস, আর্য ফিল্মস।
  • ধীরেন গঙ্গোপাধ্যায় (ডি. জি.) প্রথম শিক্ষিত বাঙালি মহিলাদের অভিনয়ে আনেন।
  • সরকারি আইন: সিনেমাটোগ্রাফ অ্যাক্ট (সেন্সর) ও বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট।

৩. সবাক যুগ ও নিউ থিয়েটার্স

  • ১৯২৮: ‘মেলোডি অব লাভ’, ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি।
  • ১১ এপ্রিল ১৯৩১: প্রথম বাংলা টকি ‘জামাইষষ্ঠী’ (ম্যাডান)। প্রথম হিন্দি টকি ‘আলমআরা’।
  • বীরেন্দ্রনাথ সরকারের নিউ থিয়েটার্স বাংলা সিনেমার সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
  • দেবকীকুমার বসু, প্রমথেশ বড়ুয়া, নীতিন বসু, রাইচাঁদ বড়াল, কে. এল. সায়গল, কাননদেবী প্রমুখের কাজ।
  • ১৯৩২: ‘চণ্ডীদাস’; ১৯৩৫: প্রমথেশ বড়ুয়ার ‘দেবদাস’।

৪. চারের দশক ও পঞ্চাশের দশক

  • চারের দশকে বাস্তববাদী ছবি: ‘উদয়ের পথে’, ‘ভুলি নাই’, ‘ছিন্নমূল’, ‘নতুন ইহুদি’।
  • বিশ্বযুদ্ধ, মন্বন্তর, দেশভাগ বাংলা সিনেমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়।
  • পঞ্চাশের দশকে ‘সাড়ে চুয়াত্তর’ (১৯৫৩): উত্তমকুমার-সুচিত্রা সেন জুটি।
  • ক্যালকাটা ফিল্ম সোসাইটি থেকে ফিল্ম সোসাইটি আন্দোলন; সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল তার শরিক।

৫. বিশিষ্ট পরিচালক

  • সত্যজিৎ রায়: অপু ত্রয়ী, ৩৬টি সিনেমা, ভারতরত্ন ও অস্কার।
  • ঋত্বিক ঘটক: দেশভাগের যন্ত্রণা, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমলগান্ধার’, ‘সুবর্ণরেখা’।
  • মৃণাল সেন: ‘ভুবন সোম’, কলকাতা ট্রিলজি, ‘আকালের সন্ধানে’।
  • তপন সিংহ: সাহিত্যনির্ভর জনপ্রিয় ছবি।
  • তরুণ মজুমদার: বাণিজ্য-সফল বাঙালিয়ানায় ভরপুর ছবি।

৬. ছোটদের ছবি

  • ১৯৪৯: সত্যেন বসুর ‘পরিবর্তন’। ১৯৫১: অগ্রদূতের ‘বাবলা’।
  • ১৯৫৮: ‘বিরসা অ্যান্ড হিজ ম্যাজিক ডল’ (পুতুল অ্যানিমেশন)।
  • সত্যজিৎ: ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘সোনার কেল্লা’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘হীরক রাজার দেশে’।
  • ঋত্বিকের ‘বাড়ি থেকে পালিয়ে’; তপন সিংহের ‘সফেদ হাতি’, ‘সবুজ দ্বীপের রাজা’।

৭. বাংলা তথ্যচিত্র

  • তথ্যচিত্র বাস্তব তথ্যনির্ভর অ-কাহিনিচিত্র।
  • হীরালাল সেনের ‘দিল্লি দরবার’ থেকে শুরু; স্বাধীনতার পর ফিল্মস ডিভিশনের আনুকূল্যে সার্থক তথ্যচিত্র।
  • পল জিলস ও হরিসাধন দাশগুপ্ত; সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, বুদ্ধদেব দাশগুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, বিমল রায় প্রমুখের অবদান।
✍️ দ্বিতীয় ভাগ: প্রশ্নোত্তর
১বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো।

সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে তর্কাতীতভাবে শ্রেষ্ঠ পরিচালক। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে স্থান, বাংলা চলচ্চিত্রে তাঁর স্থান তেমনই।

Sem-4 পাঠ্যবই • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

HS Bangla Sahayak, Sem-4 | উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার

📚 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সেরা প্রস্তুতির সঙ্গী 📔 উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার | ডিজিটাল ই-বুক...

  • পরিচয়: ১৯২১ সালের ২রা মে কলকাতার গড়পারে জন্ম। উপেন্দ্রকিশোরের পৌত্র ও সুকুমার রায়ের পুত্র। ‘সন্দেশ’ পত্রিকার অন্যতম সম্পাদক ও ফিল্ম সোসাইটি আন্দোলনের প্রবক্তা ছিলেন।
  • চলচ্চিত্রে আসা: প্রেসিডেন্সি কলেজ ও কলাভবনে পড়েন, পরে বিজ্ঞাপন সংস্থায় ভিসুয়ালাইজার ও আর্ট ডিরেক্টর হন। জাঁ রেনোয়ার সান্নিধ্যে এবং লন্ডনে বহু ছবি দেখে সিনেমার প্রতি আকৃষ্ট হন। ফেরার পথে জাহাজে ‘পথের পাঁচালী’-র চিত্রনাট্যের খসড়া করেন; পশ্চিমবঙ্গ সরকার প্রযোজনার দায়িত্ব নেয়।
  • পথের পাঁচালী: প্রথম ছবি ১৯৫৫ সালে মুক্তি পেয়ে দেশজুড়ে আলোড়ন তোলে। ১৯৫৬ সালে কান উৎসবে শ্রেষ্ঠ মানবিক আবেদনসম্পন্ন ছবির সম্মান পায়।
  • অপু ত্রয়ী: ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’ ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেয়।
  • অন্যান্য ছবি: ‘জলসাঘর’, ‘চারুলতা’ (রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ অবলম্বনে), ‘মহানগর’, ‘তিনকন্যা’, ‘জনঅরণ্য’, ‘শতরঞ্জ কী খিলাড়ী’, ‘ঘরে বাইরে’, ‘আগন্তুক’। শিশুদের জন্য ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, ‘সোনার কেল্লা’।
  • সম্মান: মোট ৩৬টি সিনেমার স্রষ্টা। দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৮৪), ভারতরত্ন ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার (১৯৯২)।

উপসংহার: তিনি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মর্যাদা এনে দিয়েছেন।

২বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।

বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ঋত্বিক ঘটক খুব বেশি ছবি করেননি। কিন্তু যে কয়েকটি করেছেন, দর্শক তা মনে রাখবে।

  • শুরু: ঢাকায় জন্ম। দেশভাগের ফলে পরিবার বহরমপুরে চলে আসে। ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫০ সালে ‘ছিন্নমূল’-এ অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসেন।
  • প্রথম ছবি: ‘নাগরিক’ (১৯৫২) সমাজবাস্তবতার সুনিপুণ রূপায়ণ। এটি তাঁর মৃত্যুর পর ১৯৭৭ সালে মুক্তি পায়। প্রথম প্রদর্শিত ছবি ‘অযান্ত্রিক’ (১৯৫৮)।
  • ত্রয়ী: ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০), ‘কোমলগান্ধার’ (১৯৬১), ‘সুবর্ণরেখা’। কলকাতার অবস্থা ও উদ্বাস্তু জীবনের রূঢ় বাস্তবতা এখানে ধরা পড়েছে।
  • শেষ পর্ব: ‘তিতাস একটি নদীর নাম’ এক মহাকাব্যিক সৃষ্টি। শেষ ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ (১৯৭৪) আত্মজৈবনিক, নায়ক নীলকণ্ঠের ভূমিকায় তিনি নিজেই।
  • আদর্শ: মার্কসীয় আদর্শে বিশ্বাসী ছিলেন। বামপন্থা ও মানবতাকে কখনও ত্যাগ করেননি। দেশভাগের যন্ত্রণা ও জীবন তাঁর ছবির প্রধান বিষয়। এমন আত্মজৈবনিক, শিল্পিত রাজনৈতিক সিনেমা খুব বেশি নেই। আটটি পূর্ণদৈর্ঘ্য ছবির পাশাপাশি তথ্যচিত্রও করেছেন। ১৯৬৯ সালে পদ্মশ্রী পান।

উপসংহার: অনেকের মতে তিনি সময়ের চেয়ে এগিয়ে থাকা চলচ্চিত্র প্রতিভা। তাঁর সিনেমা আবেগে, সংলাপে ও দৃশ্যনির্মাণে অভিনব।

৩বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো।

বাংলা সিনেমার স্বর্ণযুগে সত্যজিৎ ও ঋত্বিকের পাশে স্বীকৃতি পাওয়া পরিচালকদের মধ্যে মৃণাল সেন অন্যতম। জন্ম ফরিদপুরে।

  • শুরু: প্রথম ছবি ‘রাতভোর’ (১৯৫৬) সাফল্য পায়নি। দ্বিতীয় ছবি ‘নীল আকাশের নীচে’ (১৯৫৯) পরিচিতি এনে দেয়। ‘বাইশে শ্রাবণ’ তাঁকে ব্যতিক্রমী পরিচালক হিসেবে পরিচিত করে।
  • শিক্ষাজীবন: ঈশান ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় আসেন, বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইম্পিরিয়াল লাইব্রেরিতে পড়াশোনার সুবাদে চলচ্চিত্র বিষয়ক গ্রন্থে আকৃষ্ট হন।
  • ভুবন সোম (১৯৬৯): হিন্দি ছবি। উৎপল দত্তের অভিনয়ে এটি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
  • কলকাতা ট্রিলজি: ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’, ‘পদাতিক’। এতে সত্তরের দশকের কলকাতার অস্থির রাজনৈতিক অবস্থা ধরা পড়ে।
  • মধ্যবিত্ত মনোজগৎ: ‘একদিন প্রতিদিন’, ‘খারিজ’ (১৯৮৩ সালে কান উৎসবে বিশেষ জুরি পুরস্কার)। ‘আকালের সন্ধানে’ বার্লিন উৎসবে রুপোর ভালুক পায়।
  • পরবর্তী কাজ: ‘মহাপৃথিবী’, ‘অন্তরীন’, শেষ ছবি ‘আমার ভুবন’ (২০০২)। বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগুতে ছবি করেছেন। ২৭টি কাহিনিচিত্রের পাশাপাশি তথ্যচিত্র ও ধারাবাহিকও বানান।

উপসংহার: পদ্মভূষণ (১৯৮১) ও দাদাসাহেব ফালকে (২০০৩) প্রাপ্ত এই পরিচালক সামাজিক শোষণ থেকে মধ্যবিত্তের দ্বন্দ্ব পর্যন্ত বিষয়কে সিনেমায় এনেছেন।

৪বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল সেনের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় নাম তপন সিংহ।

  • সাহিত্যনির্ভর ছবি: সাহিত্য থেকে গল্প নিয়ে তিনি একের পর এক জনপ্রিয় ও বাণিজ্যসফল ছবি বানান। সত্যজিতের পথ ধরেই বাঙালির সমাজজীবনের খুঁটিনাটি অভিজ্ঞতা চলচ্চিত্রের উপাদান করেন।
  • ধারার বিস্তার: সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল সেন বাংলা সিনেমায় যে শিল্পগুণ, রুচি ও দক্ষ পরিচালনার প্রবর্তন করেছিলেন, সমসাময়িক তপন সিংহ সেই ধারাকেই দর্শকমনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে ব্যাপকতা দিয়েছিলেন।
  • প্রথম দিকের ছবি: প্রথম ছবি ‘অঙ্কুশ’ (হাতি কেন্দ্রীয় চরিত্র)। চতুর্থ ছবি রবীন্দ্রনাথের গল্প নিয়ে ‘কাবুলিওয়ালা’ (১৯৫৭) রাতারাতি বাঙালি দর্শকের মন জয় করে।
  • উল্লেখযোগ্য ছবি: ‘ক্ষুধিত পাষাণ’ (১৯৬০), ‘হাঁসুলিবাঁকের উপকথা’ (১৯৬২), ‘জতুগৃহ’ (১৯৬৪), ‘হাটে বাজারে’ (১৯৬৮), ‘আপনজন’, ‘সাগিনা মাহাতো’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’।
  • ছোটদের ছবি: ‘সফেদ হাতি’ (১৯৭৮) ও ‘সবুজ দ্বীপের রাজা’ (১৯৭৯)।
  • বৈশিষ্ট্য: তাঁর ছবির চরিত্রগুলির সঙ্গে বাঙালির সামঞ্জস্য রয়েছে। তিনি সংবেদনশীল, পরিশ্রমী ও নিষ্ঠাবান পরিচালক।

উপসংহার: বাংলা তথা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে স্বমহিমায় তুলে ধরতে সাহায্য করে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে স্থান করে নিয়েছেন।

৫বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো।

তরুণ মজুমদার ষাটের দশকের একজন জনপ্রিয় পরিচালক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি বাণিজ্যসফল, বাঙালিয়ানায় ভরপুর ছবির জন্য পরিচিত।

  • মিষ্টি প্রেমের ছবি: ষাটের দশকে হালকা মেজাজের প্রেমের ছবি করে প্রতিষ্ঠা পান। ‘পলাতক’ (১৯৬৩) ও ‘বালিকাবধূ’ বেশ জনপ্রিয় হয়েছিল।
  • পরবর্তী সাফল্য: ‘নিমন্ত্রণ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’ প্রভৃতি বাণিজ্যসফল ছবি বানান। এগুলি বাঙালিয়ানায় ভরপুর, তাই তাঁকে প্রতিষ্ঠা দেয়।
  • তথ্যচিত্র: চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর তথ্যচিত্র ‘অরণ্য আমার’ বাংলা তথ্যচিত্রের ধারাকে সমৃদ্ধ করেছে।
  • বৈশিষ্ট্য: তাঁর ছবিগুলি মিষ্টি, হালকা মেজাজের এবং বাঙালির পরিচিত জীবনের গন্ধে ভরা। এ কারণেই তা সাধারণ দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিল।
  • স্থান: পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকের উল্লেখযোগ্য চলচ্চিত্রকারদের মধ্যে তিনি অন্যতম। আটের দশক থেকে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অপর্ণা সেন, সন্দীপ রায়েরা পরিচালনায় আসেন, তার আগে তরুণ মজুমদারের মতো পরিচালকেরাই দর্শকদের মনোরঞ্জন করেছেন। আটের দশকের পরিচালকদের মধ্যে অপর্ণা সেন ও গৌতম ঘোষের একাধিক ছবি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

উপসংহার: তিনি সাধারণ বাঙালি দর্শককে ভালো বিনোদনের ছবি উপহার দিয়েছেন এবং বাংলা সিনেমার জনপ্রিয় ধারাটিকে এগিয়ে নিয়ে গেছেন।

৬বাংলা নির্বাক সিনেমার বৈশিষ্ট্য আলোচনা করো।

নির্বাক যুগ বলতে বাংলা সিনেমার সেই সময়কে বোঝায় যখন ছবিতে শব্দ ছিল না। এই যুগের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ।

  • সূচনা: ১৮৯৮ সালে হীরালাল সেনের রয়্যাল বায়োস্কোপ কোম্পানি দিয়ে শুরু। জনপ্রিয় নাটকের দৃশ্য (‘আলিবাবা’, ‘সরলা’, ‘ভ্রমর’) ক্যামেরাবন্দি করা হত। তিনি ‘দিল্লি দরবার’ ও ‘বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন’ নামে দুটি তথ্যচিত্রও করেন।
  • ম্যাডান থিয়েটার: পারসি ব্যবসায়ী জে. এফ. ম্যাডান বাঙালির যাত্রা-নাটকপ্রীতিকে ব্যবসায় লাগান। ১৯১৭ সালে ‘সত্যবাদী রাজা হরিশচন্দ্র’ বাংলা টাইটেল-সহ দেখানো হয়। ১৯১৯ সালে প্রথম বাংলা কাহিনিচিত্র ‘বিল্বমঙ্গল’, ম্যাডানের প্রযোজনায় মোট ৬২টি ছবি।
  • নতুন কোম্পানি: ইন্দো-ব্রিটিশ, অরোরা ফিল্ম, তাজমহল ফিল্মস প্রভৃতি। এই যুগে ১১৯টি নির্বাক ছবি তৈরি হয়।
  • বিষয়: পৌরাণিক কাহিনি (‘দস্যু রত্নাকর’) ও সাহিত্য-নির্ভর ছবি (‘আঁধারে আলো’, ‘মানভঞ্জন’)।
  • সামাজিক পরিবর্তন: ধীরেন গঙ্গোপাধ্যায় চ্যাপলিনের ম্যানারিজম ও ব্যঙ্গাত্মক হাস্যরস আনেন এবং প্রথম শিক্ষিত বাঙালি মহিলাদের অভিনয়ে আনেন।
  • সরকারি নিয়ন্ত্রণ: সিনেমাটোগ্রাফ অ্যাক্ট (সেন্সর) ও বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট। রক্ষণাবেক্ষণের অভাবে নির্বাক যুগের সিনেমার এখন আর কিছুই পাওয়া যায় না; পত্রপত্রিকা, পোস্টার ও স্মৃতিচারণ থেকে ধারণা করা যায়।

উপসংহার: নির্বাক যুগেই সিনেমা সামাজিকভাবে গ্রহণযোগ্য শিল্পমাধ্যম হয়ে ওঠে।

৭বাংলা সবাক সিনেমার বৈশিষ্ট্য আলোচনা করো।

১৯২৮ সালে ম্যাডানের উদ্যোগে ‘মেলোডি অব লাভ’ ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি। এরপর বাংলা সিনেমার বাঁক বদল ঘটে।

  • প্রথম বাংলা টকি: ১৯৩১ সালের ১১ এপ্রিল ম্যাডানের প্রযোজনায় ‘জামাইষষ্ঠী’ মুক্তি পায়।
  • প্রযুক্তি: শব্দের কারণে পুরোনো যন্ত্র অকেজো হয়। নতুন যন্ত্র, শব্দরোধী স্টুডিও ও দক্ষ কলাকুশলীর প্রয়োজনে চলচ্চিত্র প্রাতিষ্ঠানিক শিল্পের রূপ পায়।
  • নিউ থিয়েটার্স: ইঞ্জিনিয়ার বীরেন্দ্রনাথ সরকারের কোম্পানি আমেরিকা থেকে কারিগর এনে প্রশিক্ষণ দেয়। দেবকীকুমার বসু, প্রমথেশ বড়ুয়া, নীতিন বসু, রাইচাঁদ বড়াল, কে. এল. সায়গল, কাননদেবী এখানে কাজ করেন।
  • সাহিত্যের প্রভাব: রবীন্দ্রনাথের ‘নটীর পূজা’ (১৯৩২), ‘চণ্ডীদাস’, ‘দেনাপাওনা’, ‘কপালকুণ্ডলা’, ‘নৌকাডুবি’, প্রমথেশ বড়ুয়ার ‘দেবদাস’ (১৯৩৫)।
  • গুণীসমাবেশ: গানে কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিক, শচীনদেব বর্মণ; অভিনয়ে ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল; সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী, নরেন্দ্র দেব, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র সিনেমায় আসেন।
  • ম্যাডানের পর: ম্যাডান কোম্পানি বন্ধ হলেও বাংলা সিনেমার ক্ষতি হয়নি; বরং নিউ থিয়েটার্সের প্রভাব সুদূরপ্রসারী হয়।
  • দ্বিভাষিক ছবি: বাংলা ও হিন্দি দ্বৈত সংস্করণ তৈরি হতে থাকে।
  • পরবর্তী ধারা: চারের দশকে বাস্তববাদী ছবি (‘উদয়ের পথে’, ‘ছিন্নমূল’), পঞ্চাশে ‘সাড়ে চুয়াত্তর’ ও উত্তম-সুচিত্রা জুটি।

উপসংহার: সবাক যুগে সিনেমা বৈচিত্র্য ও জনপ্রিয়তা পায়।

৮বাংলা সিনেমায় ছোটদের ছবির ভূমিকা আলোচনা করো।

বাংলা সিনেমায় ছোটদের ছবি সেভাবে কখনওই গুরুত্ব পায়নি। শিশুদের জন্য ছবি করতে কেউ বিশেষ আগ্রহী ছিলেন না। তবু কয়েকজন পরিচালকের চেষ্টায় এই ধারা ধীরে ধীরে গড়ে ওঠে।

  • সূচনা: ১৯৪৯ সালে সত্যেন বসু ‘পরিবর্তন’ করে প্রথম এদিকে নজর দেন। ১৯৫১ সালে অগ্রদূত ‘বাবলা’ করেন।
  • ষাটের দশক: ‘দেড়শো খোকার কাণ্ড’ (১৯৫৯), ‘মানিক’ (১৯৬১), ‘বাদশা’ (১৯৬৩), ‘ডাকাতের হাতে’ ও ‘হিরের প্রজাপতি’ (১৯৬৮)।
  • অ্যানিমেশন: ১৯৫৮ সালে শান্তি চৌধুরি ও রঘু গোস্বামী পুতুলের অ্যানিমেশনে ‘বিরসা অ্যান্ড হিজ ম্যাজিক ডল’ তৈরি করেন।
  • সত্যজিৎ রায়: সত্যিকারের শিশুসাহিত্যভিত্তিক চলচ্চিত্রের কৃতিত্ব তাঁর। ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯), ‘সোনার কেল্লা’ (১৯৭৪), ‘জয় বাবা ফেলুনাথ’ (১৯৭৮), ‘হীরক রাজার দেশে’ (১৯৮০)। শেষোক্ত ছবিটি ঠিক শিশুদের ছবি নয়, কিন্তু বড়ো-ছোটো সকলের মধ্যেই জনপ্রিয় হয়েছিল।
  • অন্যান্য: ঋত্বিক ঘটকের ‘বাড়ি থেকে পালিয়ে’ কিশোর চলচ্চিত্র হিসেবে যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। তপন সিংহের ‘সফেদ হাতি’ ও ‘সবুজ দ্বীপের রাজা’।

উপসংহার: সত্যজিৎ রায়ের হাতেই ছোটদের ছবি বড়ো-ছোটো সকলের উপভোগ্য হয়ে ওঠে এবং বাংলা সিনেমায় এই ধারাটি স্থায়ী জায়গা পায়।

৯বাংলা তথ্যচিত্রের ধারা আলোচনা করো।

তথ্যচিত্র হল বাস্তব তথ্যনির্ভর অ-কাহিনিচিত্র। এখানে কাল্পনিক বিষয়ের স্থান নেই।

  • ধরন: প্রামাণিক, প্রাসঙ্গিক, অবস্থানগত, তথ্যমূলক, জীবনীকেন্দ্রিক, ব্যক্তিগত ও ভ্রমণমূলক।
  • সূচনা: হীরালাল সেনের ‘দিল্লি দরবার’ থেকে বাংলায় তথ্যচিত্রের দিন শুরু। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের ছবিও ক্যামেরাবন্দি হয়।
  • বিস্তার: স্বাধীনতার পর ফিল্মস ডিভিশনের আনুকূল্যে সার্থক তথ্যচিত্র তৈরি হয়। পঞ্চাশের দশকে বহুজাতিক সংস্থা ও সেইল-এর পৃষ্ঠপোষকতায় তথ্যচিত্রের বিস্তার ঘটে।
  • আন্তর্জাতিক পটভূমি: ফ্লাহার্টির ‘নানুক’ গতিময়তা ও বাস্তবতার লিরিকাল গুণে তথ্যচিত্র সম্পর্কে মানুষের ধারণাই বদলে দেয়।
  • হরিসাধন দাশগুপ্ত: পল জিলসের সহযোগে ‘Konark’, ‘Panchthupi’, ‘A Tale of Two Leaves and a Bud’, ‘Acharya Nandalal’ প্রভৃতি তৈরি করেন।
  • সত্যজিৎ ও ঋত্বিক: সত্যজিৎ পাঁচটি তথ্যচিত্র করেন (‘Rabindranath Tagore’, ‘The Inner Eye’, ‘Bala’, ‘Sukumar Ray’, ‘Sikkim’)। ঋত্বিকের তথ্যচিত্র ‘আমার লেনিন’, ‘দুর্বার গতি পদ্মা’, ‘রামকিঙ্কর’।
  • অন্যান্য: চিদানন্দ দাশগুপ্তের ‘Portrait of a City’, মৃণাল সেনের ‘Calcutta my El Dorado’, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারের ‘অরণ্য আমার’, গৌতম ঘোষের তথ্যচিত্র।

উপসংহার: পাঁচের দশক বাংলা তথ্যচিত্রের উন্মেষের সময়। প্রতিভাবান নির্মাতাদের গুণে এই ধারা আজও সমৃদ্ধ হচ্ছে।

🎞️ বাংলা সহায়ক · banglasahayak.com

Your Cart

error: Content is protected !!
Scroll to Top