আজব শহর কলকেতা- সৈয়দ মুজতবা আলী | Ajob Shahor Kolketa – Saiyad Mujtaba Ali | আজব শহর কলকেতা প্রবন্ধের প্রশ্নোত্তর

আজব শহর কলকেতা

লেখক: সৈয়দ মুজতবা আলী  |  ধরন: ব্যক্তিগত রম্যপ্রবন্ধ

📖 বিষয়সংক্ষেপ

“কলকাতা আজব শহর”—ছোটবেলা থেকে কথাটা শুনে আসছেন লেখক। বুড়ো হতে চললেন, অথচ প্রমাণ মেলেনি। তাই এই নিয়ে একটি ‘প্রামাণিক’ প্রবন্ধ লিখবেন ভাবছেন, ঠিক তখনই নামল জোর বৃষ্টি! ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়ার তাগদও নেই, বাস মাথায় থাকুক, আর ট্যাক্সিতে চড়তে বুক ‘কচ কচ’ করে। বাড়ি ফেরার চিন্তাটা যেন পথহারানোর বেদনা হয়ে বাজছে। এমন সময় লেখকের চোখে পড়ল বড় বড় হরফে লেখা সাইনবোর্ড—‘ফ্রেঞ্চ বুক শপ’! ওই মুহূর্তেই যেন সপ্রমাণ হয়ে গেল, ‘কলকেতা আজব শহর’।

লেখক ভাবলেন—নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর ট্যাঁকে যে দুটো পয়সা আছে তা খোয়াতেই বইয়ের দোকান খুলেছে! বাঙালি প্রকাশকরাই বলেন, শুধু ভালো বই ছেপে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। তাহলে শুধু ফরাসি বই বেচে লাভ হবে কীভাবে? তাই তাঁর অনুমান—দোকানটা হাতির দাঁতের মতো: দেখানোর দাঁত বাইরে ‘ফ্রেঞ্চ বুক শপ’, চিবানোর দাঁত ভিতরে লুকোনো—খুশবাই, সাঁঝের পীর, লোধ্ররেণু, ওষ্ঠ-রাগ জাতীয় প্রসাধনী!

Sem-2 পাঠ্যবই • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

HS Bangla Sahayak, Sem-4 | উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার

📚 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সেরা প্রস্তুতির সঙ্গী 📔 উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার | ডিজিটাল ই-বুক...

ভিতরে ঢুকে লেখকের সব অনুমান উলটে গেল। সত্যিই সেখানে গাদা গাদা হলদে আর সাদা মলাটের ফরাসি বই, আর মালিক শুধু বই বেচেই পয়সা কামাতে চান! দোকানের মালিক কলকাতায় এসে যেন ‘বাঙালি’ হয়ে গিয়েছেন—বাঙালি দোকানদারের মতোই টাইপরাইটারের হরফ সাজানোর কায়দায় বই সাজিয়েছেন। যে সেই ‘সিজিল’ জানে, সে চোখ বন্ধ করেও ইচ্ছেমতো বই বের করতে পারবে; আর যে জানে না, তার কোমর ভেঙে তিন টুকরো হবে! এবার লেখক বলে উঠলেন—

“নাঃ, আজব শহর কলকেতাই বটে।”

দোকানে ছিলেন এক ফুটফুটে মেমসাহেব। লেখক পরশুরামের কেদার চাটুজ্যের ভাষায় বললেন ‘সেলাম মেমসাহেব’; জবাবে মেমসাহেব ফরাসিতে জিজ্ঞেস করলেন, ‘আপনার আনন্দ কিসে?’—অর্থাৎ ‘কী চাই?’। ফরাসি ভাষা লেখকের প্রায় ভুলে যাওয়া, তবু কথাপ্রসঙ্গে ফরাসি রাজদূত মসিয়ো ফ্রাঁসোয়া পঁসের নাম উচ্চারণ করতে গিয়ে কিছুটা ফরাসি বেরিয়ে পড়ল, আর মেমসাহেবের আদেশ—“মসিয়ো, ফরাসিতে কথা বলতেই পারেন!” লেখক দুর্গা বলে ঝুলে পড়লেন; দশ বছরের পুরোনো, জং-ধরা তানপুরোয় ইমনকল্যাণ সুর ধরার মতো করেই ভাঙা ফরাসি চালিয়ে গেলেন। মেমসাহেব খুশিতে ‘বাহাবা’ বললেন। লেখকের মন্তব্য—এটাই ফরাসি জাতের গুণ: হাজার দোষের মধ্যে একটা ভালো কিছু দেখলেই তারা প্রশংসায় পঞ্চমুখ।

মেমসাহেব অতি যত্নে লেখকের বইয়ের ফর্দ টুকে নিলেন, বই এলেই খবর দেবেন বললেন। জানা গেল, মাত্র তিন মাস তিনি এদেশে এসেছেন, ইংরেজিও ভালো জানেন না; দোকানটিও তাঁর নয়, এক বান্ধবীর—বান্ধবীর অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের কামনায় তিনি দোকানে বসেছেন। এখানেই লেখক তুলসীদাসের কথা মনে করলেন—“পৃথিবীর কী অদ্ভুত রীতি! শুঁড়ি দোকানে জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোক মদ কিনতে ছোটে, ওদিকে দুধওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে দুধ বেচতে হয়।” একদিন সারা দুনিয়ার লোক ফরাসি সাহিত্য-সংস্কৃতির টানে প্যারিসে ছুটত; আজ সেই ফরাসিকেই কলকাতায় বসে ফরাসি সাহিত্যের প্রচার করতে হচ্ছে!

ইতিমধ্যে এক বাঙালি ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করল ‘কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কি না’—লেখকের বেশ আনন্দ হল, বাঙালি অনেকটা এগিয়ে গেছে! ততক্ষণে লেখকও একটি খাসা বই পেয়ে গেছেন—নুরেমবার্গের মোকদ্দমার দলিল-দস্তাবেজ দিয়ে লেখা হিটলারের চরিত্র-বর্ণনা, যেখানে হিটলার সম্বন্ধে তাঁর দুশমন ফরাসিরা কী ভাবে, তারও পরিচয় আছে। পাঠকদের এই বইয়ের পরিচয় দেবেন বলেই লেখা শুরু, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা-কা করে মনে করিয়ে দিল—‘কলম ফুরিয়ে গেছে’। তাই বাকিটা—আরেক দিন!

📌 মনে রাখার মতো পয়েন্ট

  • কলকাতা ‘আজব’ কেন? একে তো ‘ফ্রেঞ্চ বুক শপ’-এর মতো অভাবিত দোকান, তার ওপর শুধু ফরাসি বই বেচেই সেখানে লাভের আশা।
  • হাতির দাঁতের উপমা: দেখানোর দাঁত আর চিবানোর দাঁত আলাদা—অর্থাৎ বাইরে এক, ভিতরে অন্য।
  • তুলসীদাসের উক্তি: মদ-বিক্রেতা বসে থাকে, দুধ-বিক্রেতাকে ঘুরে ঘুরে বেচতে হয়—ভালো জিনিসের কদর কম, এই ব্যঙ্গ।
  • ফরাসি জাতির গুণ: হাজার দোষের মধ্যে একটি ভালো দেখলেই প্রশংসায় পঞ্চমুখ।
  • প্রবন্ধের শেষ: মূল উদ্দেশ্য (হিটলারের বইয়ের পরিচয়) অসমাপ্ত—‘কলম ফুরিয়ে গেছে’, ‘আরেক দিন হবে’।

✨ প্রশ্নোত্তর

১. “নাঃ আজব শহর কলকেতাই বটে।” — লেখকের এমন বলার কারণ কী? ৫
অথবা“এমন সময় সপ্রমাণ হয়ে গেল ‘কলকেতা আজব শহর’।” — কীভাবে প্রমাণ হয়েছিল লেখো।

প্রেক্ষাপট

প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ছোটবেলা থেকেই শুনে আসছিলেন ‘কলকেতা আজব শহর’, কিন্তু বুড়ো হতে চললেও এর প্রমাণ পাননি। একদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা-বর্ষাতিহীন অবস্থায় তিনি ঘোর সংকটে পড়েন—ট্রামে চড়ার সামর্থ্য নেই, ট্যাক্সিভাড়া ভেবেই বুক কাঁপে। এমন সময় হঠাৎ চোখে পড়ে বড় বড় হরফে লেখা ‘ফ্রেঞ্চ বুক শপ’।

লেখকের অনুমান

লেখক ভেবেছিলেন, কোনো ফরাসি হয়তো পথ হারিয়ে কলকাতায় এসে ট্যাঁকের শেষ পয়সা খোয়াতেই দোকান খুলেছে। বাঙালি প্রকাশকরা যেখানে বলেন, শুধু ভালো বই ছেপে লাভ হয় না, রদ্দি উপন্যাসও ছাড়তে হয়, সেখানে শুধু ফরাসি বই বেচে মুনাফা সম্ভব নয়। তাই তাঁর অনুমান হয়, দোকানটি হাতির দাঁতের মতো—বাইরে ‘ফ্রেঞ্চ বুক শপ’, ভিতরে বিক্রি হয় খুশবাই, লোধ্ররেণু, ওষ্ঠ-রাগের মতো প্রসাধন সামগ্রী।

চূড়ান্ত প্রমাণ

বৃষ্টির হাত থেকে বাঁচতে দোকানে ঢুকে লেখক দেখলেন, তাঁর সব অনুমান ভুল। সেখানে গাদা গাদা হলদে ও সাদা মলাটের আসল ফরাসি বই সাজানো, আর দোকানের মালিক শুধু বই বেচেই জীবিকা নির্বাহ করতে চান। আরও আশ্চর্য, ফরাসি মালিক কলকাতায় এসে বাঙালি হয়ে গেছেন—বাঙালি দোকানদারের মতোই টাইপরাইটারের হরফের কায়দায় বই সাজিয়েছেন। কলকাতায় এমন দোকান দেখে লেখক স্বীকার করতে বাধ্য হলেন—“নাঃ আজব শহর কলকেতাই বটে।”

২. ‘পৃথিবীর কী অদ্ভুত রীতি।’ — এখানে কোন্ রীতির কথা বলা হয়েছে? তা অদ্ভুত কেন? ২+৩ = ৫
রীতির পরিচয় (২)

আলোচ্য অংশে তুলসীদাসের একটি উক্তি স্মরণ করে লেখক সমাজের এক বৈপরীত্যের কথা বলেছেন। রীতিটি হল—শুঁড়ি (মদ-বিক্রেতা) দোকানে জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোক নিজে থেকে তার দোকানে গিয়ে মদ কেনে; অথচ দুধওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে দুধ বেচতে হয়।

অদ্ভুত কেন (৩)

যা মানুষের শরীর ও সমাজের ক্ষতি করে, সেই মদের পিছনে মানুষ আপনা থেকেই অর্থ ও শ্রম ব্যয় করে। আর যা শরীরের পুষ্টি ও জীবনের কল্যাণ আনে, সেই দুধের গুরুত্ব বুঝতে চায় না—বিক্রেতাকেই বারবার ক্রেতার দুয়ারে যেতে হয়। ভালোর প্রতি এই উদাসীনতা ও মন্দের প্রতি আকর্ষণই এই রীতিকে অদ্ভুত করেছে।

প্রাবন্ধিক ফরাসি সংস্কৃতির ক্ষেত্রেও একই বৈপরীত্য দেখেছেন। একসময় দুনিয়ার লোক ফরাসি সাহিত্য-সংস্কৃতির টানে প্যারিসে ভিড় করত; আজ সেই ফরাসি মেমসাহেবকেই সুদূর কলকাতায় দোকানে বসে ফরাসি সাহিত্যের প্রচারে নামতে হয়েছে—ঠিক দুধওয়ালার মতো।

📌 পরীক্ষার টিপস: উত্তরে ‘ফ্রেঞ্চ বুক শপ’, হাতির দাঁতের উপমা, তুলসীদাসের শুঁড়ি-দুধওয়ালার উক্তি ও টাইপরাইটারের হরফের মতো বই সাজানোর কথা উল্লেখ করলে পূর্ণমান পাওয়া সহজ হয়।

বাংলা সহায়ক | পরীক্ষার উপযোগী পাঠ্য ও প্রশ্নোত্তর

Your Cart

error: Content is protected !!
Scroll to Top