বাংলার ঋতুবৈচিত্র্য | প্রবন্ধ রচনা | Banglar Ritubaichitrya

প্রবন্ধ রচনা 

বাংলার ঋতুবৈচিত্র্য

ভূমিকা

সুজলা, সুফলা, শস্য, শ্যামলা এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যময় ঋতু। ভিন্ন ভিন্ন রূপ-রস-গন্ধ নিয়ে পালাক্রমে ছয়টি ঋতু ঘুরে ফিরে আসে। প্রতিটি ঋতুই স্বতন্ত্র সৌন্দর্যে অপরূপ। ঋতুতে ঋতুতে চলে সাজ বদল। প্রকৃতির এই নিয়ত পরিবর্তন যেন বাংলার বুকে এক অনন্ত রূপকথা ফুটিয়ে তোলে।

ষড়ঋতুর পরিচয়

ছটি ঋতুর মালা যেন বিনি সুতোয় গাঁথা। এই ছয়টি ঋতু হলো— গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতি দুই মাস পর পর ঋতু বদল ঘটে। অর্থাৎ দুই মাসে একটি ঋতু। এরা চক্রাকারে আবর্তিত হতে থাকে। এক ঋতু বিদায় নেয়, আসে অন্য ঋতু। নতুন ঋতুর ছোঁয়ায় প্রকৃতি সাজে নতুন রূপে, উপহার দেয় নতুন নতুন ফুল-ফল ও ফসল।

প্রবন্ধ রচনা • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

☀️ তাপদগ্ধ গ্রীষ্মকাল

ঋতুচক্রের শুরুতেই ‘ধূলায় ধূসর রুক্ষ, পিঙ্গল জটাজাল’ নিয়ে আর্বিভাব ঘটে গ্রীষ্মের। প্রকৃতিতে গ্রীষ্ম আসে তার দূরন্ত ও রুদ্র রূপ নিয়ে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে খাল-বিল, নদী-নালা শুকিয়ে যায়। জলশূন্য মাটিতে ফাটল ধরে। গাছের পাতা রুক্ষ হয়ে যায়। অসহ্য গরমে একটু শীতল বাতাস ও ছায়ার জন্য মানুষসহ সমস্ত পশু-পাখি কাতর হয়ে পড়ে। গ্রীষ্ম শুধু জনজীবনে রুক্ষতাই ছড়ায় না— আম, কাঁঠালের সুগন্ধে ম ম করে ঘর-বাড়ি।

🌧️ সজল বর্ষা

গ্রীষ্মের বিদায়ের সাথে সাথে আসে বর্ষা। উত্তপ্ত প্রকৃতিকে স্নিগ্ধতায় ভরিয়ে তুলতে দূর আকাশে জমে ওঠে মেঘের স্তুপ। বর্ষার আগমনে দগ্ধ মাঠ-ঘাটে প্রাণ ফিরে আসে। নদী-নালা কানায় কানায় ভরে ওঠে। অবিরাম বর্ষণে গ্রীষ্মের রুক্ষ প্রকৃতিতে সজীবতা ফিরে আসে। জনজীবনে ফিরে আসে প্রগাঢ় শান্তি। যেন প্রকৃতিতে ছড়িয়ে দেয় নিবিড় মায়ার কাজল।

🌾 শুভ্র শরৎ

“আজি ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা
নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা।”
— রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলার ঋতুচক্রে এভাবেই আসে শরৎ। নীল আকাশে তুলোর মতো ভেসে বেড়ায় শুভ্র মেঘ আর নদীর দু’ তীর উজ্জ্বল হয়ে ওঠে সাদা কাশফুলের সমারোহে। শিউলি, কামিনী, জুঁই প্রভৃতি ফুলের সৌরভে মেতে ওঠে শরৎ এর প্রকৃতি। মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলে সবুজ ফসলের মাঠে। শরৎ এর ভোরে শিশিরের হালকা ছোঁয়া আর মিষ্টি রোদের সৌন্দর্যে অভিভূত হয়ে কবিগুরু বলে ওঠেন— ‘আজিকে তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে’।

🍁 ফসলের হেমন্ত

“ওমা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে
কী দেখেছি মধুর হাসি।”
— রবীন্দ্রনাথ ঠাকুর

শরতের রূপময়তাকে বিদায় জানিয়ে বৈরাগ্যের ঢঙে আসে হেমন্ত। সর্ষে ফুলে ছেয়ে যায় মাঠের পর মাঠ। অন্যদিকে থাকে, সোনালি রঙের পাকা ধান। হেমন্ত মূলত ফসলের ঋতু। এ সময় মাঠে-ঘাটে থাকে শস্যের সমারোহ। নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রাম-বাংলার জনজীবন।

❄️ শীতল শীত

“শীতের হাওয়া লাগল আজি
আমলকির ঐ ডালে ডালে।”
— রবীন্দ্রনাথ ঠাকুর

হেমন্ত বিদায় নিতে না নিতেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে উত্তুরে হাওয়ায় ভেসে আসে শীত। বছরের সর্বাপেক্ষা শীতল ঋতু এই শীতকাল। নানা রকম শাক-সবজি, ফল ও ফুলের সমারোহ শীতকে জনপ্রিয় করে তোলে। একদিকে শীতের কষ্ট অন্যদিকে ফুল-ফল-ফসল ও পিঠা-পুলির সমারোহে শীতের আনন্দ রোমাঞ্চকর।

🌸 ঋতুরাজ বসন্ত

“ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।”
— কবি বাণী

সবশেষে রাজার বেশে আসে ঋতুরাজ বসন্ত। শীতের রিক্ততাকে মুছে ফেলে ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি। দক্ষিণা মৃদু বাতাসে প্রকৃতি ও মনে দোলা লাগে। কোকিলের কুহুতানে প্রকৃতি যেন জেগে ওঠে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অর্জুন প্রভৃতি রঙ-বেরঙের ফুলে বসন্ত সাজে অপার সৌন্দর্যে। আমের মুকুলের মৃদু সৌরভে বাতাস ম ম করে।

বাঙালি জীবনে ষড়ঋতুর প্রভাব

বাংলার এই ঋতুবৈচিত্র্য কেবল প্রকৃতির বুকে নয়, সমান তালে মানব মনে এবং জীবনযাপনের ক্ষেত্রেও প্রভাব ফেলে। ঋতুর প্রভাব বাঙালির সংস্কৃতি, কাব্য-সাহিত্য ও সংগীতে বিশেষভাবে পরিলক্ষিত হয়। ঋতুভেদে গ্রাম বাংলার জীবনে উদযাপিত হয় নানারকম পূজা-পার্বণ, মেলা ও উৎসব। অর্থাৎ ষড়ঋতুর পালাবদলের সাথে এ দেশের জনজীবন নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।

উপসংহার

পরিশেষে বলা যায়, অনবদ্য সৌন্দর্যের এক চিরন্তন লীলাভূমি এই রূপসী বাংলা। ঋতুচক্রের এই স্বাভাবিক ও শান্ত আবর্তন বাঙালির আত্মাকে করেছে সংবেদনশীল এবং ভূমিকে করেছে উর্বর। তবে বর্তমান যান্ত্রিক সভ্যতার আগ্রাসন ও বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবে আজ ঋতুবৈচিত্র্যের চিরায়ত রূপ হারিয়ে যেতে বসেছে। প্রকৃতির এই অনন্য উপহার ও ভারসাম্যকে রক্ষা করতে হলে আমাদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ঋতুবৈচিত্র্যের মাঝেই বেঁচে থাক বাংলার শাশ্বত রূপ ও বাঙালির প্রাণস্পন্দন।

Your Cart

error: Content is protected !!
Scroll to Top